নিউজ ডেস্ক:
নোয়াখালীর চাটখিলে চুরির সময় হাতেনাতে ধরা পড়ার উপক্রম হলে সিএনজি ও স্মার্টফোন রেখে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ‘তাজুল ইসলাম ভ্যারাইটিজ স্টোর’ নামক দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে তিন থেকে চারজন চোরচক্রের সদস্য একটি সিএনজি নিয়ে দোকানের তালা ভেঙে চুরি করার চেষ্টা করে। শব্দ পেয়ে দোকানের মালিক মোহাম্মদ তাজুল ইসলামের ভাগিনা বিষয়টি তাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং চোরদের ধরার জন্য চিৎকার করেন।
এসময় চোরচক্রের দুই সদস্য দৌড়ে পালিয়ে যায়, তবে এক চোরকে ধরে ফেলেন তাজুল। ধস্তাধস্তির একপর্যায়ে সে সিএনজি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সিএনজির ভেতর থেকে একটি স্মার্টফোন ও বোল্ট কাটার উদ্ধার করা হয়। চোরচক্র নগদ প্রায় এক লাখ টাকা ও সিগারেটের কার্টন লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নম্বরপ্লেটবিহীন একটি সিএনজি, স্মার্টফোন ও বোল্ট কাটার উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।