ডেস্ক রিপোর্ট
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি অব্যাহত রাখতে বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়াই প্রয়োজন বলে তিনি মনে করেন।
জানা গেছে, সোমবার সকালে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও পার্বত্য অঞ্চলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে কর্মরত থাকার পর ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন দীপেন দেওয়ান। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তার পদত্যাগের পর মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কার কাছে ন্যস্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি