বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলী হায়দার বাবলু

বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে পদাধিকারবলে বান্দরবান জেলা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আলী হায়দার বাবলুকে সদস্য সচিব করা হয়েছে।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (৪) ও ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ কমিটির অনুমোদন প্রদান করেন।
অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বান্দরবান জেলা প্রশাসক। সদস্য হিসেবে রাখা হয়েছে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং মো. জাহাঙ্গীর আলমকে। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আলী হায়দার বাবলু।
অনুমোদনপত্রে আরও বলা হয়, নবগঠিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে বান্দরবানে ক্রীড়া কার্যক্রমের সাংগঠনিক গতি বৃদ্ধি পাবে এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের পথ সুগম হবে বলে ক্রীড়া সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *