রৌমারী সীমান্তে গরু চোরাকারবারি সাদ্দাম আটক, বিজিবির হেফাজতে সোপর্দ

নিউজ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ২টায় দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪-এর কাছ থেকে তাকে আটক করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামছুল হক। তিনি জানান, আটক সাদ্দামের কাছ থেকে একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ টাকা।

সাদ্দাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের আফতার হোসেনের ছেলে। বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে রৌমারী থানায় সোপর্দ করেছে।

রৌমারী থানার ওসি লৎফর রহমান জানান, বিজিবি ভারতীয় গরুসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।