দেশে ক্যান্সার চিকিৎসায় বড় উদ্যোগ, চলতি বছরেই চারটি হাসপাতাল চালুর ঘোষণা

নিউজ ডেস্ক:

চলতি বছরের মধ্যেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান, ক্যান্সার হাসপাতালসহ অন্যান্য সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত আমদানি করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার পরিস্থিতি নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

গবেষণা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ডা. সায়েদুর বলেন, জনগণের টাকায় পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ করতে হবে এবং তা মানুষের উপকারে আসতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণায় অংশ নিতে পারে, তবে তা সাংঘর্ষিক না হওয়াই ভালো। এর পরিবর্তে সাবেক শিক্ষার্থী ও সাধারণ জনগণের অনুদানের মাধ্যমে গবেষণার অর্থ সংগ্রহের ওপর জোর দেন তিনি।

এছাড়া, দেশের ওষুধ প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ ওষুধ উৎপাদন করে, তার সমপরিমাণ ওষুধ বিদেশ থেকেও আমদানি করতে হয় বলে জানান তিনি।