নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ করে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন রোহিঙ্গা এবং ২ জন বাংলাদেশি রয়েছেন। এ সময় পাচার চক্রের এক সদস্যকে আটক করা হলেও চক্রের প্রধান পালিয়ে যায়।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় ৪০-৫০ জনকে পাচারের উদ্দেশ্যে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চক্রের সদস্য মো. আব্দুল্লাহ (২৫) আটক হন। তবে চক্রের প্রধান কেফায়েত উল্লাহ পালিয়ে যান। অভিযান চালিয়ে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অপহৃত ১৬ জনকে উদ্ধার করা হয়।
নৌবাহিনী আরও জানায়, চক্রটি অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য শারীরিক নির্যাতন চালাত এবং মুক্তিপণ না পেলে ভুক্তভোগীদের বিদেশে পাচার করত। উদ্ধারকৃত ব্যক্তি এবং আটক দালালকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।