জাগ্রত পাহাড় ডেস্ক:
রাঙামাটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্কবিহীন বিদেশি এবং নকল সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার জেলার দুর্গম বাঘাইছড়ি ও কাউখালী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে এসব সিগারেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ির প্রশিক্ষণ টিলায় অভিযান চালিয়ে বিদেশি অরিস ব্র্যান্ডের সিগারেট ভর্তি দুটি লাগেজ জব্দ করা হয়। একই দিনে কাউখালী উপজেলায় আরেকটি অভিযানে নামিদামি ব্র্যান্ডের নকল সিগারেট ও বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশি ও বিদেশি নামি ব্র্যান্ডের নকল সিগারেট বাজারজাত করে আসছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে এসব চক্রের তৎপরতার বিষয়ে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।