জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫ এর দ্বিতীয় পর্বের খেলা রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে শুরু হয়েছে। শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এসএম ইয়াছিন আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় নিয়োজিত থাকার আহ্বান জানান। পাশাপাশি যে কোনো সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মংপু মাষ্টার, সম্মিলিত ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলম, ভলিবল রেফারি ও ডিএসএর নির্বাহী সদস্য মংচিং প্রু নজি, সহ-সভাপতি নিনি প্রু, রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক উক্যসিং, নির্বাহী সদস্য মো. ইমতিয়াজ এবং প্রিয়তোষ দে।
রোয়াংছড়ি জোনে টুর্নামেন্টে অংশ নিয়েছে রোয়াংছড়ি, বান্দরবান সদর এবং রুমা উপজেলার পাঁচটি দল। আগামী ২৮ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
