যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের তাণ্ডব, নিহত ৩৪২

নিউজ ডেস্ক :

পবিত্র রমজানে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। ইসরায়েলের এই তাণ্ডবে অন্তঃসত্ত্বা নারীও রেহাই পাননি।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর এটিই গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। উত্তর গাজার বিভিন্ন এলাকা, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস ও জাবালিয়ায় চালানো হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, শরণার্থীদের আশ্রয়স্থল, স্কুল ও তাঁবুগুলো ধ্বংস হয়েছে। এতে বহু হতাহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমাদের সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েল থামবে না। শত্রুদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।” অন্যদিকে, হামাস জানিয়েছে, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলেছে এবং নেতানিয়াহুর সরকার পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে।

সংগঠনটি আরব ও মুসলিম বিশ্বসহ মুক্তচিন্তার মানুষদের গাজায় ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখেরও বেশি। দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, আর লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।