নিউজ ডেস্ক :
হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে ক্যাপিটাল বোর্ড মিলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান। এতে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনার পরও তিতাস গ্যাস গত ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, ফলে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়েন। এর ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহেও সমস্যা সৃষ্টি হয়।
গত ১৩ মার্চ কারখানা কর্তৃপক্ষ গ্যাস সংযোগ পুনঃস্থাপনের জন্য লিখিত অনুরোধ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানানো হয়েছে।