নিউজ ডেস্ক :
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, কমিশনকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যা ১৫ মার্চ থেকে কার্যকর হয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিশনের প্রথম দফায় ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে কাজ শেষ না হওয়ায় এটি দ্বিতীয়বারের মতো সময় পেল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ আগস্ট কমিশন গঠন করে। এরপর একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। গত ৫ নভেম্বর কমিশন জানায়, তারা ১,৬০০টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে ৩৮৩টি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। র্যাবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ এসেছে। এছাড়া ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
প্রথমে ২৭ আগস্ট কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হলেও তা সংশোধন করে ১৫ সেপ্টেম্বর নতুনভাবে প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনে কমিশনের দায়িত্বে কিছু পরিবর্তন আনা হলেও পাঁচ সদস্যের কমিটি অপরিবর্তিত রাখা হয়। কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।