নিউজ ডেস্ক :
ক্রিকেট দলের সদস্য পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সোমবার (১৭ মার্চ) এই অভিযানে তাদের আটক করা হয়।
একেপিএস জানায়, আটক ব্যক্তিরা ক্রিকেট জার্সি পরে এবং একটি ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। চিঠিতে ২১-২৩ মার্চ একটি টুর্নামেন্টের উল্লেখ ছিল, কিন্তু তদন্তে জানা যায়, ওই সময়ে মালয়েশিয়ায় কোনো টুর্নামেন্টের আয়োজন হয়নি। এ ছাড়া, তারা যে ‘স্পন্সর’কে জামিনদার হিসেবে উপস্থাপন করেছিল, তিনি নিজেও টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানতেন না এবং কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
তদন্তে আরও বেরিয়ে এসেছে, আটক ব্যক্তিদের পেশাদার ক্রিকেটার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড় সেজে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি চক্রের সঙ্গে যুক্ত ছিল। একেপিএস জানিয়েছে, তাদের সবার বিরুদ্ধে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, কেউ যদি অবৈধ উপায়ে ক্রীড়া ভিসার অপব্যবহার বা মানব পাচারের মতো কাজে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।