নিউজ ডেস্ক :
মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনীসহ ছয়জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে নাশকতার পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুটি মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, আরসার এই সদস্যরা দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।