নিউজ ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জলসীমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানান, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান পাচারের খবরে বিজিবি সদস্যরা আলিখালী এলাকায় অবস্থান নেয়। পরে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি তাদের থামার নির্দেশ দেয়। উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বস্তাগুলো উদ্ধার করে, যার ভেতর থেকে পাওয়া যায় দুই লাখ ইয়াবা।
উদ্ধারকৃত ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে সংরক্ষণ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে এসব মাদক ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।