নিউজ ডেস্ক :
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস করায় আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিনই আপিলের শুনানি হতে পারে।
গত ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, বিচারিক আদালতের রায় সঠিক ছিল এবং উচ্চ আদালতের এই খালাসাদেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আপিল করেছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হন। হামলার ঘটনায় করা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেয়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সেনাবাহিনী ও পুলিশের ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল।
তবে হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, বিচারিক আদালতের রায় অবৈধভাবে দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করায় এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি সর্বোচ্চ আদালতে গড়াল।