নিউজ ডেস্ক:
চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে আটক করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:
১. যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২)
২. মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২)
৩. মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪)
৪. মীরসরাই ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮)
৫. খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮)
৬. মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।
পাহাড়তলী থানা পুলিশের ওসি জানান, আটককৃতরা গত কয়েকদিন ধরে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন। সেখানে তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অভিযোগ আনা হতে পারে। তবে, বিষয়টি তদন্তাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা দ্রুত তাদের মুক্তি দাবি করেছেন।