হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতির চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে। এ সময় চুক্তির বিস্তারিত রূপরেখাও তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তার ভাষণে নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, তেলআবিব যুদ্ধে তার লক্ষ্য পূরণ করেছে এবং চুক্তি ভঙ্গ হলে কঠোর জবাব দেয়া হবে।

এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। চুক্তিটি বাস্তবায়িত হলে দুই পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে।