নিউজ ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা রুবেল বড়ুয়া (৪০), নিপ্পু বড়ুয়া (৪৩), এবং সনি বড়ুয়া (৩৭)। রুবেল বড়ুয়া মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নাস্তা করার জন্য মোটরসাইকেলে করে সুফিয়া রোডের একটি হোটেলে যান তারা। নাস্তা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।