কক্সবাজারে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, ছুরিকাঘাতে আহত পর্যটক

নিউজ ডেস্ক:

দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমছে না। দিনে-রাতে নির্বিচারে পর্যটকদের টার্গেট করে হামলা চালাচ্ছে তারা। সর্বশেষ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. হৃদয় (১৯) নামে এক পর্যটক।

আহত হৃদয়ের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে। তার বাবা মো. আবু তাহের জানান, তারা ৫০ জনের একটি দল নিয়ে সকালে কক্সবাজারে ঘুরতে আসেন। সন্ধ্যায় লাবণী পয়েন্ট থেকে গাড়ির দিকে ফেরার পথে শৈবাল পয়েন্টে তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় তারা হৃদয়কে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় হৃদয়কে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হৃদয়ের বাবা বলেন, পর্যটন শহরে এ ধরনের অপরাধ দুঃখজনক। দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, শহরে ছিনতাই রোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। জানুয়ারি মাসে ৭০ জনের বেশি ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।