টিডিসি ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র।
সালাউদ্দিন এর আগেও জাতীয় দলের সঙ্গে সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি, যা তিনি পালন করেন ২০০৮ সাল পর্যন্ত। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে আজ বিকাল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা। জানা গেছে, সিমন্সের সহকারী হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সবকিছু ঠিক থাকলে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।