সেনা অভিযানে ইউপিডিএফ-এর গোপন আস্তানার সন্ধান , অস্ত্র-গোলাবারুদ জব্দ

খাগড়াছড়ি, ০৬ অক্টোবর ২০২৫: বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার একটি গহীন জঙ্গলে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি গোপন আস্তানা উদ্ধার ও ঘেরাও করেছে। এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৫টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ-এর শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পলায়ন করে।

পরবর্তীতে ঘেরাওকৃত আস্তানায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ০১টি পিস্তল, ০১টি ম্যাগজিন, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১৫টি ব্যানার, ০২টি ওয়াকি-টকি চার্জার, ০২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের জোরপূর্বক সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক কয়েকদিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে এলাকার নারী ও স্কুলগামী শিশুদের বিভিন্নভাবে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত করছে বলে সেনাবাহিনী দাবি করেছে।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পলাতক ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের অনুসন্ধান ও অভিযান অব্যাহত রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।