শতাধিক পাহাড়ি-বাঙালি কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখা

খাগড়াছড়ি প্রতিনিধি;

এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার (৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর—বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা ও রাখাইন—প্রায় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ, পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েশ, সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, সহ-প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান।

বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের একসাথে এগিয়ে নিতে হবে।” তাঁরা আরও বলেন, “এই সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগাবে এবং পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে।” বক্তারা শিক্ষার্থীদের সফলতাকে জাতির জন্য আশার আলো হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে পিসিসিপি’র জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন এবং জানান, পিসিসিপি পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।