নিউজ ডেস্ক:
বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে থানচি উপজেলা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর কাছে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনবল নিয়োগের দাবিতে একটি স্বারকলিপি প্রদান করেছেন।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে থানচি কলেজের অধ্যক্ষ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী মংসাই মারমা ও নির্বাহী সমন্বয়কারী সিনয়া স্রো জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে এই স্বারকলিপি তুলে দেন। এ সময় পরিষদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বারকলিপিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল নিয়োগের দাবি জানানো হয়, যাতে করে দুর্গম এই পার্বত্য অঞ্চলের মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
এসময় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, “সদাশয় সরকার আপনাকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে পরিষদ পুনর্গঠন করেছেন—এজন্য গণসংহতি আন্দোলন, থানচি উপজেলা শাখা ও থানচির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত চেয়ারম্যান জনমানুষের প্রাসঙ্গিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।