মানিকছড়িতে সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনা অভিযানে অস্ত্র ও চাঁদার রসিদ উদ্ধার

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল (এলজি), ৩ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ এবং ফোন নম্বর সংবলিত ৩টি নথিপত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৯ জুলাই) ভোরে গুইমারা রিজিয়নের অধীনস্থ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের একটি ‘বি’ টাইপ টহল দল মাইশ্যার দোকান সংলগ্ন ছড়ায় ৫ ঘণ্টাব্যাপী এই সফল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পাল্টা গুলিতে এক সন্ত্রাসী আহত অবস্থায় গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল ওই এলাকা তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এটি তাদের দৃঢ় অবস্থানের প্রতিফলন।