রাঙ্গামাটিতে ছাত্রদল এনসিপি নেতা নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করল

নিউজ ডেস্ক:

জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখা কক্সবাজারে বিএনপি স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহম্মেদ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে ছাত্রদল তাদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রনরুপায় গিয়ে এক সমাবেশে পরিণত হয়। সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিনকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাকে সেখানে না আনার জন্য এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলি আহাদ, ফজলুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। বক্তারা বলেন, ‘এনসিপি সমাবেশ করবে এটা তাদের অধিকার। কিন্তু সেই সমাবেশে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়াটা রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত। এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তারা আরও উল্লেখ করেন, ‘রোববার রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ আছে, সে সমাবেশ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি সেখানে বিএনপি ও তার নেতাদের নিয়ে কোনো বাজে বক্তব্য দেয়া হয়, তাহলে তার জবাব দেয়া হবে।’