নিউজ ডেস্ক :
পাকিস্তানে ভারতের চালানো সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে তিনি ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে চলমান উত্তেজনা ও সামরিক পদক্ষেপে উদ্বেগ জানিয়ে উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের এই বার্তা তুলে ধরেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “মহাসচিব নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর সামরিক অভিযানের ঘটনায় অত্যন্ত চিন্তিত। তিনি মনে করেন, এই মুহূর্তে যে কোনো সামরিক উত্তেজনা এশিয়া অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, “বিশ্ব ইতোমধ্যেই ইউক্রেন-রাশিয়া এবং গাজা-ইসরায়েল যুদ্ধের মতো সংকট মোকাবিলা করছে। এমন অবস্থায় আরেকটি সামরিক সংঘাত আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করবে।”
‘অপারেশন সিন্দুর’ নামের ওই অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমান হামলার খবর ছড়িয়ে পড়ে, যা এসেছে কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের ভয়াবহ হামলার প্রেক্ষিতে। ওই হামলায় নিহত হন ২৬ জন, যাদের অধিকাংশই ছিলেন ভারতীয় পর্যটক। হামলার জন্য দায়ী করে ভারত সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্রতর হয়। পরিস্থিতি শান্ত করতে ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভারত শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেয়।