বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি: এলএনজি সরবরাহে নতুন দিগন্ত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে করা প্রথম চুক্তি। এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

শনিবার (২৫ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “বাংলাদেশ সরকার ট্রাম্প প্রশাসনের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের আওতায় একটি ল্যান্ডমার্ক চুক্তি স্বাক্ষর করেছে। এটি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির ‘ড্রিল, বেবী ড্রিল’ স্লোগানের প্রতিফলন। গ্যাস সংকট নিরসনে আমেরিকা মধ্যপ্রাচ্যের বাইরে একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, “দেশে গ্যাসের সংকট নিরসনে দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজন। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ও কর্মসংস্থান বাড়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তি শুধু গ্যাস সরবরাহ নয়, বরং অর্থনৈতিক কূটনীতির দিক থেকেও বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। ট্রাম্প প্রশাসন সরাসরি কার্যকর পদক্ষেপ দেখতে চায় এবং এ চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

এর আগে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের বড় এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় বাংলাদেশ প্রতি বছর ৫ মিলিয়ন টন (৫০ লাখ টন) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে।