ঢাকায় ইউএসএআইডির মার্কিন কর্মকর্তাদের শেষ কর্মদিবস, অনিশ্চয়তায় ৩০০ বাংলাদেশি কর্মী

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডির (USAID) ঢাকায় কর্মরত মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস পালন করেছেন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ৭ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বের সব স্থান থেকে সংস্থাটির মার্কিন কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সংস্থাটির ঢাকার কার্যালয়ে কর্মরত ৬০-৭০ জন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ ছাড়ছেন।

গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী ইউএসএআইডির তহবিল স্থগিত করেন এবং সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেন। এরই ধারাবাহিকতায় সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয় এবং কর্মীদের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

শেষ কর্মদিবসে ঢাকার ইউএসএআইডি কার্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করায় স্থানীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বন্ধন গড়ে উঠেছিল। তবে মার্কিন কর্মকর্তাদের বিদায়ের পাশাপাশি সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন সংস্থাটির ২৫০-৩০০ বাংলাদেশি কর্মী। তাদের চাকরি থাকবে কি না, বা সংস্থাটির কার্যক্রম কেমনভাবে চলবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এক কর্মকর্তা জানান, ইউএসএআইডির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে সংস্থার বাজেট কমিয়ে আনার বিষয়টি প্রায় নিশ্চিত, যার ফলে ঢাকায় কর্মরত অধিকাংশ বাংলাদেশি কর্মকর্তা চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।

সূত্র : Channel 24