অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে চার্জ বাড়িয়ে ৩০ টাকা

নিউজ ডেস্ক:

এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে এখন থেকে প্রতিবার লেনদেনে ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা দিতে হবে, যা আগে ১৫ টাকা ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হবে।

এছাড়া, ব্যাংক হিসাবের সংক্ষিপ্ত বিবরণী নিতে ৫ টাকা, ক্ষুদে বিবরণীর জন্য ৫ টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক প্রতি মাসে প্রথম পাঁচটি লেনদেনে সর্বোচ্চ ১৫ টাকা সার্ভিস চার্জ পরিশোধ করবেন। তবে এরপর থেকে সম্পূর্ণ চার্জ গ্রাহকের কাছ থেকেই কাটা হবে। মাসে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে।

পয়েন্ট অব সেলস (পিওএস) ব্যবহারের ক্ষেত্রেও লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারে ভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরের জন্য সর্বোচ্চ ১০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া, আয়কর পরিশোধ সহজ করতে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ২০ টাকা এবং এর বেশি লেনদেনে ৫০ টাকা চার্জ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ওয়ালেট ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে।