এক বছরে অভিবাসন পথে ৯ হাজারের কাছাকাছি প্রাণহানি: আইওএম

নিউজ ডেস্ক :

২০২৪ সালে বিভিন্ন দেশে যাওয়ার পথে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। শুক্রবার (২১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত বছর বিশ্বজুড়ে অভিবাসন পথে ৮ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি সূত্রের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

আইওএম একে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে জানায়, ২০২৪ সালে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে। নিহতদের মধ্যে এশিয়ার ২ হাজার ৭৭৮ জন, আফ্রিকার ২ হাজার ২৪২ জন, ক্যারিবিয়ান অঞ্চলে ৩৪১ জন এবং কলম্বিয়া-পানামার মধ্যবর্তী ড্যারিয়েন জঙ্গল পাড়ি দিতে গিয়ে ১৭৪ জন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চূড়ান্ত তথ্য পাওয়া না গেলেও এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৩৩ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এ ছাড়া ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ভূমধ্যসাগরে রেকর্ডসংখ্যক ২ হাজার ৪৫২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

(সূত্র: এএফপি)