মেজর সিনহা হত্যা: রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে কার্যকর দাবি এক্স-ফোর্সেসের

নিউজ ডেস্ক :

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। তারা আশা প্রকাশ করেছে, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এবং রায় ঘোষণার সাত কর্মদিবসের মধ্যে তা কার্যকর করা হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফে পুলিশি গুলিতে মেজর সিনহা নিহত হন। তার বড় বোনের দায়ের করা মামলায় তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

তিনি জানান, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি ও ‘ক্রসফায়ার বাণিজ্যের’ মাধ্যমে সম্পদ গড়ে তুলেছিলেন। মামলার বিচারিক কার্যক্রম মাত্র ৩৩ কার্যদিবসে সম্পন্ন করে ২০২২ সালের ৩১ জানুয়ারি রায় ঘোষণা করা হয়। রায়ে প্রদীপ কুমার দাশ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা বর্তমানে উচ্চ আদালতে শুনানির পর্যায়ে রয়েছে।

সাইফুল্লাহ খান অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তাদের সঙ্গে অপরাধী চক্রের সংশ্লিষ্টতা বিচার বিলম্বের বড় কারণ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাপ ও প্রলোভন উপেক্ষা করে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানান এবং দাবি করেন, তা সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে, নইলে এক্স-ফোর্সেস কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসময় সংগঠনের পক্ষ থেকে শিশু আছিয়া, পারভেজ ও তোফাজ্জল হত্যাসহ অন্যান্য মামলার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।