নিউজ ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে আয়োজিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ঢাকা ও মারকোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া, বৈঠকে তরুণদের বিনিয়োগে উৎসাহিত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দুই নেতা অভিন্ন মত প্রকাশ করেন। সামাজিক উন্নয়নের লক্ষ্যে থ্রি-জিরো অর্জনের অঙ্গীকারও তারা নতুন করে দৃঢ় করেন। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
প্রসঙ্গত, একইদিনে প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলাকালীন এবং পরে তিনি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।