ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ এনে এক শিক্ষার্থীর দায়ের করা রিটের শুনানি শেষে বুধবার (১৯ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির আইনজীবী শিশির মনির।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর ভুল প্রশ্ন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুনরায় পরীক্ষার আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন, যেখানে পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে নির্দেশনা চাওয়া হয়।

রিটে উল্লেখ করা হয়েছে, আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক। শুনানি শেষে হাইকোর্ট ভর্তি পরীক্ষার ফল স্থগিতের আদেশ দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।