নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় থেকে অপহৃত ব্যবসায়ী সিরাজুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে নগরের কর্নেলহাট এলাকা থেকে নিজাম উদ্দিন রাসেল নামে ৩০ বছর বয়সী ওই অপহরণকারীকে আটক করা হয়।
গত শনিবার সিরাজুল ইসলাম অপহরণের শিকার হন। অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার থানায় অভিযোগ করার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করলে অপহরণকারীরা তাকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে একজন ধরা পড়ে, তবে বাকিরা এখনো পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।