নিউজ ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করেছে। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, রাতে কয়েকজন যুবক চায়ের দোকানের পাশে চটের বিছানায় ঘুমাতে যায়। এ সময় বিছানা নিয়ে নিহত জুয়েল ও আটক রাকিব-রবিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাতে আঘাত লাগে। পরে স্থানীয়রা জুয়েলকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর টহলরত পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করে।
ওসি জানান, নিহত ও আটককৃতরা সবাই ভাসমান এবং মাওনা চৌরাস্তা এলাকাকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।