অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্য আটক, জনতার গণপিটুনির পর সেনা হেফাজতে পুলিশের কাছে সোপর্দ

অনলাইন ডেস্ক:
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পরবর্তীতে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রামগড়ের খাগড়াবিল বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছিল ইউপিডিএফ সদস্য দূর্গা চাকমা (২৫)। স্থানীয় জনগণ সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

খবর পেয়ে সিন্দুকছড়ি সেনা জোনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দূর্গা চাকমাকে উদ্ধার করে রামগড় থানায় হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দূর্গা চাকমা স্বীকার করেছে যে সে স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল বাজার এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে আটক করার ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি প্রক্রিয়া চলছে বলে রামগড় থানা পুলিশ নিশ্চিত করেছে।