নাফ নদ থেকে আবারও ১৩ বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক;


কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা থেকে আবারও দুটি মাছ ধরার ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে ট্রলারের দুই মাঝি হলেন—আব্দুল হাফেজ ও মো. আমিন। তবে অন্যান্য জেলেদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মাছ শিকার শেষে ফেরার পথে জেলেদের ট্রলার চরের কারণে বাংলাদেশের পাশ দিয়ে আসতে না পেরে মিয়ানমার সীমানার দিক দিয়ে ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, মাঝি আব্দুল হাফেজ ফোনে জানিয়েছেন যে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন এলাকায় এএ সদস্যরা জেলেদের ধাওয়া করে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি অবগত হয়েছি। প্রায় প্রতিদিনই আরাকান আর্মি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে। গত চার দিনে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে বলে ট্রলার মালিক সমিতি জানিয়েছে।”

স্থানীয় জেলেরা বলছেন, সাম্প্রতিক সময়ে নাফ নদ ও বঙ্গোপসাগরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে জেলেদের এভাবে আটকের ঘটনা বেড়ে গেছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন উপকূলীয় এলাকার জেলেরা।