নিউজ ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে চাতরী ইউনিয়নের কৈনপুরা-মাস্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮) ও মো. নুরু উদ্দিন (৩২), পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০), এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। অভিযানের সময় একটি কালো হাই-এইসে থাকা আরও ১০-১২ জন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, হাতুড়ি এবং একটি চোরাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”