বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ: নাজমুল আবেদীন ফাহিমের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক:

বিপিএলের মাঠে যখন ক্রিকেটাররা সেরা নৈপুণ্য প্রদর্শন করছেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ সংকট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম অভিযোগ করেছেন যে, বোর্ড সভাপতি ফারুক আহমেদ তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই ঘটনার ফলে তিনি নিজেকে কাজের জন্য নিরুৎসাহিত বোধ করছেন এবং বোর্ডের দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়টিও বিবেচনা করছেন।

ঘটনার সূত্রপাত হয় বিপিএল চলাকালীন। ফাহিমের অভিযোগ, সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে তাকে অপমান করা হয়। সভাপতি তাকে উদ্দেশ করে বলেন, “ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসেন বানায় দেই।” ফাহিম বলেন, “এ ধরনের মন্তব্য আমাকে হতাশ করেছে। এত মানুষের সামনে এমন আচরণের কারণ আমার বোধগম্য নয়।”

ফাহিম আরও অভিযোগ করেন, বিসিবির স্ট্যান্ডিং কমিটি এখনো গঠন না হওয়ায় পরিচালকদের কাজ করতে সমস্যা হচ্ছে। তিনি মনে করেন, বোর্ড পরিচালকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হচ্ছে না। ফাহিম বলেন, “আমি যদি বোর্ডে থাকি, তবে আমাকে কাজ করতে দিতে হবে। কাজ না করতে পারলে বাইরে থাকাই ভালো।”

নতুন নেতৃত্বের অধীনে বিসিবি থেকে দেশের ক্রিকেটের ইতিবাচক পরিবর্তনের আশা করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেই আশাকে ম্লান করে দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, বোর্ডে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত না করা গেলে দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত উন্নতির পথে এগোতে পারবে না।