পাপনের শেষ মুহূর্তের গোলে জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

খেলা ডেস্ক:

বিরতির আগে মজিবুর রহমান জনির গোল এবং ইনজুরি সময়ের শেষ মুহূর্তে পাপন সিংয়ের দুর্দান্ত শট বাংলাদেশের জয়ের পথ নিশ্চিত করে। শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলের ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে বছর শেষ করেছে লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ২৩ মিনিটে আলি ফাসিরের গোলে এগিয়ে যায় সফরকারী মালদ্বীপ। তবে ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে মজিবুর রহমান জনির দুর্দান্ত শটে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ইনজুরি সময়ে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করেন পাপন সিং। তার এই স্মরণীয় গোলের মাধ্যমে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সিরিজ শেষে দুই দল ১-১ সমতায় থাকলেও এদিনের জয় ছিল বাংলাদেশের জন্য স্মরণীয় এক মুহূর্ত।