নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার উদ্দেশ্যে দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। এবার থেকে লাল-সবুজ জার্সি গায়ে খেলবেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
হামজার আগমনের খবরে উচ্ছ্বসিত তার পৈতৃক ভিটা হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম। পুরো এলাকা সেজেছে তোরণ, ফেস্টুন ও ব্যানারে, চারদিকে বইছে উৎসবের আমেজ। তাকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকাবাসী।
হামজা চৌধুরীর বাবা-মা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের লাফবোরো শহরে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হলেও ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।
জানা গেছে, সোমবার দিনভর গ্রামের বাড়িতে সময় কাটাবেন হামজা। মঙ্গলবার ঢাকা হয়ে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হবে তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক, যেখানে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই প্রতিভাবান মিডফিল্ডার।