নিউজ ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিদায়ী টেস্টে মিরপুরে খেলার ইচ্ছার কথা জানিয়ে ভক্তদের সমর্থন চেয়েছেন। পোস্টে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সাকিব লিখেন, “এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় যারা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আন্তরিকভাবে দুঃখিত।”
সাকিব তার পোস্টে বলেন, “খুব শিগগিরই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের পুরো জার্নিটা আপনাদের জন্যই। তাই শেষ অধ্যায়ে আপনাদের পাশে চাই। বিদায়বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের তালি আমাকে ভালো খেলতে বাধ্য করেছে।”
তবে, সাকিবের এই পোস্টের প্রতিক্রিয়ায় একটি পক্ষ বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে সাকিবের ছবি টানিয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, মিরপুর স্টেডিয়ামে সাকিবকে খেলতে দেওয়া হবে না।
বিক্ষোভকারীরা সাকিবের বিরোধী গ্রাফিতি আঁকেন স্টেডিয়ামের চারপাশে। তাদের মতে, সাকিবের সমালোচনা করা হচ্ছে তার ভোট চুরির সঙ্গে জড়িত স্বৈরাচারী প্রশাসনের সমর্থক হিসেবে কাজ করার জন্য। তারা বলেন, “দেশের ক্রান্তিকালে সাকিব বিদেশে আনন্দময় সময় কাটাচ্ছিল, আর এখন মিরপুরে এসে দেশের জন্য খেলতে চায়।”
সাকিব তার পোস্টে বিদায় বেলায় সবার পাশে থাকার আশা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, “আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি– এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক –আমি নই, আপনারা।”