লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল সরঞ্জাম ও টাকা উদ্ধার

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন দেওয়ানপাড়া ও কেরেককাটা এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীদের প্রশিক্ষণ কার্যক্রম ও অবৈধ চাঁদা আদায়ের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত সন্ত্রাসী গোষ্ঠী স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে অবৈধ চাঁদা আদায়সহ বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট ২০২৫ রাত ৩টার দিকে লক্ষ্মীছড়ি জোনের নেতৃত্বে বার্মাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে তাদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল ফোন, উল্লেখযোগ্য সংখ্যক সিমকার্ড, চাঁদা আদায়ের নথিপত্র ও প্রমাণাদি, নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা, ২টি পুরাতন বিশেষ পাসপোর্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।