দীঘিনালা থেকে গুলি করা সেই এসআই গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে আটক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে একটি বিশেষ পুলিশ দল।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে। পরে তাকে নিরাপত্তার সাথে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। আন্দোলনের এক পর্যায়ে চঞ্চল চন্দ্র সরকার দীঘিনালা থানায় বদলি হন।