খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আরও ৮ জন গ্রেফতার

নিউজ ডেস্ক:

অবৈধ কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে খাগড়াছড়িতে চালানো অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও ৮ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অভি দে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন ও ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান জীবন।

পুলিশ জানিয়েছে, মহালছড়ির ২৪ এলাকা থেকে নাশকতার প্রস্তুতিকালে অভি দে-কে আটক করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।