হিজবুল্লাহর হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বন্দরনগরী হাইফা

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। এসব হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ইসরায়েলের প্রধান বন্দরনগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, হিজবুল্লাহর হামলার ফলে শহরটির অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে।

হাইফার মেয়র ইয়াহাভ বলেন, “হিজবুল্লাহর হামলার প্রভাব ইতিমধ্যে শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। হাইফার রাস্তাঘাট এখন ফাঁকা, দোকানপাট বন্ধ এবং শহরটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাব পুরো ইসরায়েলে পড়বে।”

ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাইয়ের বরাতে পার্স টুডে আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর কার্যক্রমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। হিজবুল্লাহর ড্রোন এখন তাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে এবং হামলাগুলো অধিকৃত অঞ্চলের আরও গভীরে বিস্তৃত হয়েছে।

ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমোসি বলেন, “দখলকৃত অঞ্চলগুলো কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিতে প্রায়ই সাইরেন বাজছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।”

বর্তমান পরিস্থিতিতে হাইফাসহ ইসরায়েলের বিভিন্ন শহরবাসী ক্রমবর্ধমান উদ্বেগ ও শঙ্কার মধ্যে রয়েছে, যা দেশটির অর্থনীতিতে এক গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।