ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তন ত্রিপুরার হোটেল মালিকদের

নিউজ ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে বিক্ষোভ করেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এ সময় আগরতলার বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়। সেদিনই অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা দেয় যে, বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেল বা রেস্তোরাঁয় জায়গা দেওয়া হবে না।

তবে, সংগঠনটি জানায়, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি। তারা জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা সংশোধন করেছে।