পাকিস্তান থেকে এইবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে চট্টগ্রাম বন্দরে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বন্দরের সঙ্গে পাকিস্তানের করাচি বন্দরের সরাসরি শিপিং রুটে চলাচলকারী কনটেইনারবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ দ্বিতীয়বারের মতো আসছে চট্টগ্রামে। আগামী শুক্রবার জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার জাহাজটিতে থাকছে ৮২৫টি একক কনটেইনার, যা আগের বারের দ্বিগুণেরও বেশি।

চট্টগ্রাম বন্দরের সূত্রে জানা গেছে, করাচি থেকে আসা এসব কনটেইনারের পাশাপাশি জাহাজটি চট্টগ্রাম থেকে অন্তত ১,২০০ একক কনটেইনার নিয়ে ফেরার পরিকল্পনা করছে। তবে জাহাজটি বন্দরে পৌঁছানোর পরই এর সঠিক হিসাব পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের সরাসরি শিপিং যোগাযোগ চালু হয়। প্রথম যাত্রায় ৩৭০টি কনটেইনার আনা হয়, যার মধ্যে ২৯৭টি পাকিস্তান থেকে এবং বাকি কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্রতিষ্ঠান মেরিন ভ্যাসেল ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে সর্বশেষ পণ্য বোঝাই করা হয়। এবারও পোশাকশিল্পের কাঁচামাল, রাসায়নিক, খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য আসার সম্ভাবনা রয়েছে।

দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ এই রুটে বাণিজ্যিক সেবা চালু করেছে। বাংলাদেশে তাদের স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানান, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কনটেইনার আনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি ৩৮ থেকে ৪২ দিন পর একটি জাহাজ আরব আমিরাত ও পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে। কনটেইনারের সংখ্যা বাড়লে জাহাজের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে সরাসরি শিপিং রুট চালু হওয়াকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া, তিনি এই রুটকে এ অঞ্চলের বাণিজ্যিক সমন্বয় ও নেটওয়ার্ক জোরদারের মাইলফলক বলে মন্তব্য করেন।