নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র :মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক;

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন জানায় না। এটি একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

গতকাল সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স এসব কথা বলেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিইসির সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তারা।

ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই আতিথেয়তার জন্য। আমি নির্বাচন কমিশনে আমার কয়েকজন সহকর্মীর সঙ্গে এসেছি। কিছু শেখার জন্য এবং বোঝার জন্য। যেহেতু অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। তাই আমি স্পষ্ট করতে চাই, যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান কী। আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না। তাদের উদ্দেশ্য বোঝার জন্য আমরা সাক্ষাৎ করি।


জ্যাকবসন আরো বলেন, আমরা আশা করি, আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার তৈরি করবে। যা বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না এটি পুরোপুরি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ।