আন্তর্জাতিক;
গাজার আল-আহলি হাসপাতালে (যা ব্যাপ্টিস্ট হাসপাতাল নামেও পরিচিত) ফের হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যার ফলে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ জুন) গাজার ওপর ৬০৮তম দিনের মতো হামলা চালানো হয়। এই ধারাবাহিকতায় আল-আহলি হাসপাতালেও বোমা হামলা করা হয়। সাম্প্রতিক হামলায় মোট ২৩ জন নিহত হয়েছেন।আল-আহলি হাসপাতালে হামলায় নিহত দুই সাংবাদিকের নাম প্রকাশ করেছে আল জাজিরা আরবি। নিহতদের মধ্যে ইসমাইল বাদাহ ও সুলাইমান হাজা অন্তর্ভুক্ত, যারা প্যালেস্টাইন টুডে চ্যানেলে কর্মরত ছিলেন এবং হাসপাতালের ভেতরেই তাদের হত্যা করা হয়। তৃতীয় নিহত সাংবাদিক হলেন শামস নিউজ এজেন্সির সামির আল-রিফাই। আল-আহলি হাসপাতালে এর আগে অন্তত সাতবার বোমা হামলা চালানো হয়েছে। এবার দিয়ে মোট আটবার হামলা চালানো হলো। হামলার এই ধারাবাহিকতায় সেখানে আহতদের চিকিৎসা প্রদান করছেন ডাক্তার ও নার্সরা।সাংবাদিকদের হত্যা এবং হাসপাতালের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের সৃষ্টি করেছে। এ ধরনের হামলা সাংবাদিকদের নিরাপত্তা এবং মানবিক সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।